উন্নয়নের নামে অপচয় নয়, বিনিয়োগে রিটার্ন নিশ্চিতের আহ্বান মাহমুদুর রহমানের
উন্নয়ন প্রকল্প গ্রহণের আগে অর্থনৈতিক লাভ ও কার্যকারিতা বিবেচনার আহ্বান জানিয়েছেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। তিনি বলেছেন, অতীতে উন্নয়নের নামে নেওয়া কয়েকটি বড় প্রকল্প রাষ্ট্রীয় অর্থের অপচয়ের উদাহরণ হয়ে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত প্রাক বাজেট আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর অ্যাডভান্সড স্টাডিজ অ্যান্ড থটস আয়োজিত এ আলোচনায় তিনি বলেন, সরকারের যেকোনো বিনিয়োগের আগে রেট অব রিটার্ন বা বিনিয়োগ থেকে সম্ভাব্য আর্থিক ও সামাজিক সুফল মূল্যায়ন করা জরুরি। উন্নয়ন প্রকল্পের আকার বাড়ানোর চেয়ে গুণগত মান ও বাস্তব উপকারিতার দিকে গুরুত্ব দেওয়ার পরামর্শ দেন তিনি।
মাহমুদুর রহমান বলেন, বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে ব্যাপক লিকেজ রয়েছে। প্রশাসনিক সক্ষমতা বাড়ানো ছাড়া শুধু বাজেট ও এডিপির আকার বৃদ্ধি করলে অপচয় আরও বাড়বে। তার মতে, কেবল প্রকল্পের আকার বৃদ্ধি রাজনৈতিক বক্তব্য হিসেবে ব্যবহার করা হলেও তা টেকসই অর্থনৈতিক উন্নয়নের নিশ্চয়তা দেয় না।
তিনি আগামী বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, কর্মসংস্থান বৃদ্ধি এবং কৃষিখাতে কার্যকর সহায়তার ওপর জোর দেন। বলেন, বর্তমান উচ্চ মূল্যস্ফীতি সাধারণ মানুষের জীবনযাত্রায় চাপ তৈরি করছে। শুধু সুদের হার বাড়িয়ে এ পরিস্থিতি মোকাবিলা সম্ভব নয়। একইসঙ্গে শ্রমঘন শিল্পে বিনিয়োগ বাড়িয়ে কর্মসংস্থান সৃষ্টির আহ্বান জানান তিনি।
শিক্ষাখাতে দ্রুত সংস্কারের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরে তিনি বলেন, দক্ষ জনশক্তি তৈরি ছাড়া অর্থনীতির কাঙ্ক্ষিত অগ্রগতি সম্ভব নয়। পাশাপাশি কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত এবং প্রান্তিক চাষিদের সুরক্ষায় কার্যকর নীতিমালার দাবি জানান।
তিনি আরও বলেন, অতীতে বড় বড় প্রকল্প বাস্তবায়িত হলেও কর্মসংস্থান সৃষ্টি হয়নি। কর্মসংস্থান বৃদ্ধিতে বেসরকারি খাতের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন তিনি।
আলোচনায় দেশের রপ্তানি খাতে পণ্যের বহুমুখীকরণ, রাজস্ব আয় বৃদ্ধি এবং সম্পদের সুষম বণ্টনের ওপরও গুরুত্বারোপ করা হয়। মাহমুদুর রহমান বলেন, সমাজের একটি ক্ষুদ্র অংশের হাতে বিপুল সম্পদ কেন্দ্রীভূত হওয়ায় বৈষম্য বাড়ছে। এ পরিস্থিতি মোকাবিলায় অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক নীতি প্রয়োজন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে অর্থনীতিবিদ অধ্যাপক আবু আহমেদ বলেন, দেশের অর্থনীতি বর্তমানে কঠিন চ্যালেঞ্জের মুখে রয়েছে। তিনি ব্যাংক খাতে খেলাপি ঋণ বৃদ্ধি, শিল্প খাতে গ্যাস সংকট এবং বিনিয়োগ স্থবিরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
সেন্টার ফর অ্যাডভান্সড স্টাডিজ অ্যান্ড থটসের চেয়ারম্যান প্রফেসর আবদুর রবের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এ কে এম ওয়ারেসুল করিম। এছাড়া বক্তব্য দেন মেজর অবসরপ্রাপ্ত আখতারুজ্জামান, অ্যাডভোকেট সাবিকুন্নাহার মুন্নী, মারদিয়া মমতাজ, ড. শরিফুল আলম জিন্নাহ এবং আহমেদ আবদুল কাদেরসহ অন্যরা।