পঞ্চগড় ও ফেনীর দুই এসপিকে প্রত্যাহার করল পুলিশ সদর দপ্তর
পঞ্চগড় ও ফেনী জেলার দায়িত্বপ্রাপ্ত দুই পুলিশ সুপারকে প্রত্যাহার করেছে পুলিশ সদর দপ্তর। প্রত্যাহার হওয়া কর্মকর্তারা হলেন পঞ্চগড়ের পুলিশ সুপার মো. মিজানুর রহমান এবং ফেনীর পুলিশ সুপার হিসেবে পদায়ন পাওয়া মোহাম্মদ মাহবুব আলম খান।
মঙ্গলবার ১২ মে পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, পুলিশ মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত পৃথক দুই আদেশে তাদের প্রত্যাহারের সিদ্ধান্ত কার্যকর করা হয়।
আদেশ অনুযায়ী, চট্টগ্রাম মহানগর পুলিশের উপ কমিশনার মাহবুব আলম খানকে নির্ধারিত সময়ের মধ্যে পুলিশ সদর দপ্তরে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। একইভাবে পঞ্চগড়ের পুলিশ সুপার মো. মিজানুর রহমানকে দায়িত্ব হস্তান্তর করে সদর দপ্তরে রিপোর্ট করতে বলা হয়েছে।
ফেনীর পুলিশ সুপার হিসেবে মাহবুব আলম খানের পদায়নের পর সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে তাকে নিয়ে আলোচনা শুরু হয়। এরই মধ্যে তার নিয়োগ নিয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়।
রিটে তার নিয়োগ বাতিল, সাময়িক বরখাস্ত এবং নিরপেক্ষ তদন্তের নির্দেশনা চাওয়া হয়েছে। জনস্বার্থে করা ওই রিট দায়ের করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী ও ন্যাশনাল ল ইয়ার্স কাউিলের চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম জুলফিকার আলী জুনু।
পুলিশ সদর দপ্তরের এ সিদ্ধান্তকে ঘিরে প্রশাসনিক অঙ্গনে আলোচনা চলছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কোনো মন্তব্য পাওয়া যায়নি।