আলেম ওলামারাই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের রক্ষক, বললেন তাজুল ইসলাম
আন্তর্জাতিক মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মূল্যবোধ রক্ষায় আলেম ওলামা এবং ধর্মপ্রাণ মুসলমানদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ।
শুক্রবার শাপলা স্মৃতি সংসদের উদ্যোগে আয়োজিত শাপলার শহীদগাঁথা, ৫ মের গণহত্যা স্মরণ ও মূল্যায়ন শীর্ষক আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
তাজুল ইসলাম বলেন, দেশের আলেম সমাজ ও সাধারণ মুসলমানরাই শেষ পর্যন্ত এ দেশের প্রকৃত ধারক ও রক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তিনি দাবি করেন, অতীতে রাজনৈতিক উদ্দেশ্যে ধর্মীয় মূল্যবোধ ও ইসলামী সংস্কৃতিকে দুর্বল করার চেষ্টা হয়েছিল।
তিনি আরও বলেন, ৫ মের ঘটনার মাধ্যমে শুধু একটি আন্দোলন দমন নয়, বরং সমাজ থেকে ধর্মীয় পরিচয় ও বিশ্বাসকে দূরে সরিয়ে দেওয়ার অপচেষ্টা চালানো হয়েছিল। এমন একটি পরিস্থিতি তৈরি করতে চাওয়া হয়েছিল, যেখানে মানুষ টুপি, দাড়ি বা ইসলামী পরিচয় ধারণ করতে ভয় পাবে।
সাবেক এই প্রসিকিউটর বলেন, দেশের মুসলমানরা যদি নিজেদের অধিকার, সংস্কৃতি ও মূল্যবোধ রক্ষায় সক্রিয় ভূমিকা পালন না করেন, তাহলে ভবিষ্যতেও এ ধরনের সংকট ও সংঘাতের পুনরাবৃত্তি ঘটতে পারে।
আলোচনা সভায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, আলেম ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।