নতুন প্রত্নতত্ত্ব অনুসন্ধান ও পুরনো স্থাপনা সংস্কারের পরামর্শ সংস্কৃতিমন্ত্রীর
দেশে নতুন করে প্রত্নতাত্ত্বিক অনুসন্ধান জোরদার এবং পুরনো শিল্পকলা ভবন ও লাইব্রেরি সংস্কারের ওপর গুরুত্বারোপ করেছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী।
সোমবার ৪ মে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনের অধিবেশন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা জানান।
মন্ত্রী বলেন, বর্তমানে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে ৫৩৫টি নিদর্শন তালিকাভুক্ত করে কাজ চলমান রয়েছে। পাশাপাশি দেশের বিভিন্ন পুরনো স্থাপনা সংরক্ষণ ও সংস্কারে মন্ত্রণালয় পরিকল্পনা নিয়ে এগোচ্ছে।
তিনি জানান, ডিসি সম্মেলনে বিভিন্ন জেলার দর্শনীয় স্থান চিহ্নিত করে সেখানে পর্যটন কেন্দ্র গড়ে তোলার বিষয়ে আলোচনা হয়েছে। এছাড়া শিল্পকলা একাডেমি, গণগ্রন্থাগার ও পাবলিক লাইব্রেরির উন্নয়ন এবং প্রয়োজনীয় অবকাঠামো যেমন অডিটোরিয়াম নির্মাণের বিষয়েও জেলা প্রশাসকদের পক্ষ থেকে প্রস্তাব এসেছে।
মন্ত্রী আরও বলেন, অতীতে অনেক পুরনো স্থাপনায় পর্যাপ্ত কাজ হয়নি। তবে এখন এসব ঐতিহ্য সংরক্ষণ ও উন্নয়নে নতুন পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে।
তিনি আশা প্রকাশ করেন, প্রত্নতাত্ত্বিক অনুসন্ধান সম্প্রসারণ ও সাংস্কৃতিক অবকাঠামো উন্নয়নের মাধ্যমে দেশের ঐতিহ্য সংরক্ষণ এবং পর্যটন খাত আরও সমৃদ্ধ হবে।