বগুড়ায় ফ্লাইং একাডেমি ও নতুন বিমানবন্দর গড়ার পরিকল্পনা
দেশে দক্ষ পাইলট তৈরির লক্ষ্যে বগুড়ায় ফ্লাইং একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনার কথা জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা।
সোমবার ৪ মে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের দ্বিতীয় দিনের অধিবেশন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, দেশে পাইলটের চাহিদা ক্রমেই বাড়ছে। এই চাহিদা পূরণে বগুড়ায় ফ্লাইং একাডেমি গড়ে তোলা হবে, যেখানে মেধাবী ও আগ্রহী শিক্ষার্থীরা প্রশিক্ষণের সুযোগ পাবে।
তিনি জানান, বগুড়ায় নতুন বিমানবন্দর নির্মাণের পরিকল্পনাও রয়েছে। একই সঙ্গে ঠাকুরগাঁওতেও নতুন বিমানবন্দর স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে চলতি মাসের ৭ তারিখে বগুড়া পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে।
ডিসি সম্মেলনে দেশের পর্যটন শিল্পের উন্নয়ন নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে বলে উল্লেখ করেন মন্ত্রী। তিনি বলেন, দেশের বিভিন্ন জেলায় থাকা পর্যটন কেন্দ্রগুলো উন্নয়ন এবং নতুন পর্যটক আকর্ষণে কার্যকর পদক্ষেপ নেওয়ার বিষয় গুরুত্ব পেয়েছে।
বিশেষ করে মনপুরা ও নেত্রকোনাসহ কয়েকটি এলাকায় পর্যটন সুবিধা বাড়ানোর পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে। মাঠ পর্যায় থেকে প্রস্তাব পেলে তা বাস্তবায়নে মন্ত্রণালয় সহযোগিতা করবে বলেও আশ্বাস দেন তিনি।
পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসকদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী। পাশাপাশি কক্সবাজার সমুদ্রসৈকতের পরিবেশ আরও উন্নত ও পরিচ্ছন্ন রাখতে সংশ্লিষ্টদের ব্যবস্থা নিতে বলা হয়েছে।
তিনি আশা প্রকাশ করেন, এসব উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের বিমান ও পর্যটন খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।