ফ্লোরিডায় নিহত শিক্ষার্থীদের পরিবার ন্যায়বিচার পাবে, সরকারের আশ্বাস
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিহত দুই বাংলাদেশি শিক্ষার্থীর ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করতে কাজ করছে সরকার বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
সোমবার (৪ মে) সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিহত শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ গ্রহণকালে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, এই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে। সরকার সব ধরনের পদক্ষেপ নিচ্ছে এবং নিহতদের পরিবার ন্যায়বিচার পাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এদিন সকাল ৮টা ৪০ মিনিটে ফ্লোরিডায় নিহত লিমনের মরদেহ দেশে পৌঁছায়। গত ২৫ এপ্রিল তার মরদেহ উদ্ধারের পর ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস ও মায়ামির কনস্যুলেট জেনারেলের তত্ত্বাবধানে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়।
এর আগে টাম্পায় একটি মসজিদে লিমনের জানাজা অনুষ্ঠিত হয়, যেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, স্বজন, কূটনীতিক এবং প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন।
একই ঘটনায় নিহত আরেক শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ শনাক্ত করা হয়েছে এবং তা দেশে আনার প্রক্রিয়া চলছে। আগামী ৬ মে টাম্পায় তার প্রথম জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, বৃষ্টির মরদেহ দেশে আনার কাজ দ্রুত সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে এবং এই কঠিন সময়ে সরকার নিহতদের পরিবারের পাশে রয়েছে।