ঢাকা সিলেট রুটে ডাবল রেললাইন নির্মাণের ভাবনা সরকারের
দেশব্যাপী রেল যোগাযোগ সম্প্রসারণের অংশ হিসেবে ঢাকা সিলেট রুটে ডাবল রেললাইন নির্মাণের পরিকল্পনা করছে সরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার ২ মে দুপুরে সিলেট সিটি করপোরেশন আয়োজিত এক সুধী সমাবেশে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, নতুন সড়ক নির্মাণে ফসলি জমি নষ্ট হওয়ার ঝুঁকি থাকায় বিকল্প হিসেবে রেল যোগাযোগ উন্নয়নে গুরুত্ব দেওয়া হচ্ছে।
প্রধানমন্ত্রী বলেন, দেশের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা রোধ এবং পানির সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য খাল খনন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এতে বর্ষা মৌসুমে অতিরিক্ত পানি নিষ্কাশন সহজ হবে এবং শুষ্ক মৌসুমে পানি সংরক্ষণ সম্ভব হবে।
তিনি আরও বলেন, অতিরিক্ত ভূগর্ভস্থ পানি উত্তোলনের কারণে পরিস্থিতি ধীরে ধীরে সংকটজনক হয়ে উঠছে। এই সমস্যা মোকাবিলায় খাল পুনঃখননসহ টেকসই পানি ব্যবস্থাপনা অত্যন্ত জরুরি।
নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের বিষয়ে তিনি জানান, সরকার ইতোমধ্যে কাজ শুরু করেছে। বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত হাওরাঞ্চলের কৃষকদের তিন মাস সহায়তা দেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।
এছাড়া সিলেটের ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল দ্রুত চালু করে সেটিকে ১২০০ শয্যায় উন্নীত করার পরিকল্পনার কথাও পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, মানুষের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করাই সরকারের অন্যতম অগ্রাধিকার।