নির্বাচন ও গণভোট সামনে রেখে শিক্ষাপ্রতিষ্ঠানে ব্যানার প্রদর্শন ও প্রচারণা নিষেধাজ্ঞা বিষয়ে মাউশির নির্দেশনা
দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে গণভোট বিষয়ক সচেতনতামূলক ব্যানার প্রদর্শন এবং সরকারি যোগাযোগে গণভোটের লোগো ব্যবহারের বিষয়ে জরুরি নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউশি। একই সঙ্গে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ ঘিরে শিক্ষাপ্রতিষ্ঠানে সভা, সমাবেশ ও নির্বাচনী প্রচারণার ওপর নিষেধাজ্ঞার কথাও জানিয়েছে সংস্থাটি।
মাউশির নির্দেশনায় বলা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন একই সঙ্গে জুলাই জাতীয় সনদ ২০২৫-এ লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত প্রস্তাবসমূহের ওপর গণভোট অনুষ্ঠিত হবে। এ গণভোট সম্পর্কে ভোটারদের মধ্যে ব্যাপক জনসচেতনতা তৈরির প্রয়োজনীয়তার কথা উল্লেখ করা হয়।
নির্দেশনায় আরও বলা হয়েছে, নির্বাচনের পূর্ব পর্যন্ত সকল সরকারি যোগাযোগে পত্র, আদেশ, প্রজ্ঞাপন, পরিপত্রসহ সংশ্লিষ্ট নথিতে গণভোটের লোগো ব্যবহার করতে হবে। লোগোর স্বচ্ছ কপি নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যেতে পারে বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়। পাশাপাশি অধিদপ্তরের আওতাধীন সকল শিক্ষাপ্রতিষ্ঠানে দুটি করে খাড়া সচেতনতামূলক ব্যানার দৃষ্টিনন্দন স্থানে প্রদর্শনের ব্যবস্থা নিতে বলা হয়েছে।
এদিকে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সভা, সমাবেশ ও নির্বাচনী প্রচারণার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলেও মাউশির পক্ষ থেকে জানানো হয়েছে।
সূত্র: মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউশি