অসুস্থ যাত্রীকে প্রাধান্য দিয়ে রানওয়ে থেকে ফিরে এলো বিমানের ফ্লাইট
উড্ডয়নের মুহূর্তে এক যাত্রীর আকস্মিক অসুস্থতায় দ্রুত সিদ্ধান্ত নিয়ে ফ্লাইট স্থগিত করে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
বুধবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চেন্নাইগামী বিজি ৩৬৩ ফ্লাইটটি ছাড়ার প্রস্তুতিকালে রানওয়েতে অবস্থান করছিল। নির্ধারিত সময় ছিল সকাল ১১টা ২০ মিনিট।
উড্ডয়নের ঠিক আগে কেবিন ক্রুরা পাইলটকে জানান, একজন যাত্রী হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। পরিস্থিতি বিবেচনায় নিয়ে পাইলট তাৎক্ষণিকভাবে এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইট স্থগিতের সিদ্ধান্ত জানান এবং বোর্ডিং ব্রিজে ফিরে যাওয়ার অনুমতি চান।
এ সময় আকাশপথ ব্যবস্থাপনায় থাকা কর্তৃপক্ষ জানায়, দুটি সামরিক উড়োজাহাজ অবতরণের পরই ফ্লাইটটিকে ফিরে যাওয়ার অনুমতি দেওয়া হবে। একই সঙ্গে প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা বিষয়ে খোঁজ নেওয়া হয়।
পাইলট জানান, গ্রাউন্ড সার্ভিস প্রস্তুত রয়েছে এবং অসুস্থ যাত্রীকে বিমানের ভেতরেই অক্সিজেন দিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। পরবর্তীতে সামরিক উড়োজাহাজ দুটি অবতরণ শেষ হলে ফ্লাইটটিকে বোর্ডিং ব্রিজে ফিরে যাওয়ার অনুমতি দেওয়া হয়।
বিমানে ফিরে এসে অসুস্থ যাত্রীকে নিরাপদে নামিয়ে দ্রুত চিকিৎসা সহায়তা নিশ্চিত করা হয়। যাত্রীকে নামানোর পর ফ্লাইটটি পুনরায় যাত্রা শুরু করে দুপুর ১টা ১০ মিনিটে।
বোয়িং ৭৩৭ উড়োজাহাজে পরিচালিত এই ফ্লাইটটি প্রায় ২ ঘণ্টা ২৭ মিনিটে চেন্নাই পৌঁছে বিকেল ৩টা ৭ মিনিটে অবতরণ করে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে, যাত্রীদের নিরাপত্তা ও জরুরি চিকিৎসা সহায়তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে, যা নিরাপদ ভ্রমণ নিশ্চিতের প্রতি তাদের প্রতিশ্রুতির প্রতিফলন।