সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করার দাবিতে আলটিমেটাম
সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছরে উন্নীত করার দাবিতে নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছে চাকরিপ্রত্যাশী শিক্ষার্থীরা। দাবি পূরণ না হলে দেশজুড়ে কঠোর কর্মসূচিরও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের পক্ষ থেকে এ আলটিমেটাম ঘোষণা করা হয়। আগামী ১২ এপ্রিলের মধ্যে সরকার এ বিষয়ে কার্যকর সিদ্ধান্ত না নিলে আন্দোলন জোরদারের কথা জানানো হয়।
চাকরিপ্রত্যাশীদের প্রতিনিধি শরিফুল হাসান শুভ বলেন, সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা, দীর্ঘ সেশনজট এবং বিভিন্ন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে অনেক শিক্ষার্থী নির্ধারিত সময়ে পড়াশোনা শেষ করতে পারেননি। ফলে তারা চাকরির আবেদন থেকে বঞ্চিত হচ্ছেন, যা তাদের কাছে বৈষম্যমূলক মনে হচ্ছে।
তিনি আরও জানান, অন্তর্বর্তী ব্যবস্থা হিসেবে আবেদনের বয়সসীমা সাময়িকভাবে ৩৭ থেকে ৪০ বছর পর্যন্ত বাড়ানোর দাবি জানানো হয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক মান অনুসরণ করে স্থায়ীভাবে বয়সসীমা কমপক্ষে ৩৫ বছর নির্ধারণের আহ্বান জানানো হয়।
সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়, প্রায় এক যুগের বেশি সময় ধরে এই দাবিতে আন্দোলন চালিয়ে আসছেন চাকরিপ্রার্থীরা। বিভিন্ন সময় আশ্বাস মিললেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি বলে অভিযোগ করা হয়।
এদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর সঙ্গে আলোচনায় নীতিগত সম্মতির কথা উল্লেখ করা হলেও বাস্তবায়নে এখনো কোনো কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না বলেও দাবি করেন শিক্ষার্থীরা।