কর্ণফুলী নদীতে ট্যাংকার থেকে ৩৭ হাজার লিটার ডিজেল জব্দ
চট্টগ্রামের কর্ণফুলী নদীতে একটি ট্যাংকারে অবৈধভাবে মজুত রাখা বিপুল পরিমাণ ডিজেল জব্দ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার ২ এপ্রিল বিকালে সদরঘাট এলাকায় পরিচালিত যৌথ অভিযানে এ জ্বালানি উদ্ধার করা হয়।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ নৌবাহিনী ও কোস্টগার্ডের সমন্বয়ে পরিচালিত অভিযানে ওটি কোরবান আলী শাহ নামের ট্যাংকার থেকে প্রায় ৩৭ হাজার লিটার ডিজেল জব্দ করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ট্যাংকারে অবৈধ জ্বালানি মজুতের বিষয়টি শনাক্ত করা হয়। জাহাজে থাকা ব্যক্তিরা জ্বালানির বৈধতা সংক্রান্ত কোনো সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি এবং প্রয়োজনীয় কাগজপত্রও প্রদর্শন করতে ব্যর্থ হন। এরপরই জ্বালানিগুলো জব্দ করা হয়।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম বিষয়টি নিশ্চিত করে জানান, অবৈধ জ্বালানি মজুত ও সরবরাহ নিয়ন্ত্রণে চলমান অভিযানের অংশ হিসেবে এ কার্যক্রম পরিচালিত হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।