প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা নিয়ে তদন্তের সিদ্ধান্ত, বাতিলের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না অধিদফতর
সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগ তুলে পুনরায় পরীক্ষা নেওয়ার দাবিতে রাজধানীর মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদফতরের সামনে বিক্ষোভ করেছেন নিয়োগপ্রত্যাশীরা। তাদের উত্থাপিত অভিযোগের বিষয়ে তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর।
রোববার প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান গণমাধ্যমকে এ তথ্য জানান।
ডিজি শামসুজ্জামান বলেন, পরীক্ষা শুরুর আগে বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও জেলা প্রশাসনের মাধ্যমে যেসব প্রশ্ন উদ্ধার করা হয়েছিল, সেগুলোর সঙ্গে মূল পরীক্ষার প্রশ্নের কোনো মিল পাওয়া যায়নি। তবে পরীক্ষায় অনিয়মের চেষ্টা হয়েছে, বিষয়টি অস্বীকার করা যাচ্ছে না।
তিনি আরও জানান, ডিজিটাল ডিভাইস ব্যবহার করে পরীক্ষায় নকলের চেষ্টা করা হয়েছিল। এটি প্রশ্নফাঁস নয় বলে উল্লেখ করে তিনি বলেন, এই অভিযোগে ২০৭ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বিভিন্ন স্থানে এ সংক্রান্ত মামলা হয়েছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে বিভিন্ন মেয়াদে সাজাও দেওয়া হয়েছে।
ডিজি শামসুজ্জামান বলেন, নিয়োগপ্রত্যাশীরা পরীক্ষা বাতিলের দাবি জানিয়েছেন। তাদের দাবির প্রতি সম্মান জানিয়ে বিষয়টি তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তদন্তে যদি অভিযোগ প্রমাণিত হয়, তাহলে পরীক্ষা বাতিল করা হবে। অতীতেও অনিয়মের কারণে দুটি পরীক্ষা বাতিল করা হয়েছিল বলে তিনি উল্লেখ করেন।
বিক্ষোভরত নিয়োগপ্রত্যাশীরা পাঁচ দফা দাবি উত্থাপন করেন। দাবিগুলোর মধ্যে রয়েছে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে পুনরায় পরীক্ষা গ্রহণ, সকল চাকরির পরীক্ষা ঢাকায় আয়োজন এবং প্রতিটি কেন্দ্রে ডিভাইস চেকার ও নেটওয়ার্ক জ্যামার স্থাপন। এছাড়া স্বতন্ত্র কমিটির মাধ্যমে পরীক্ষা পরিচালনা, একই দিনে একাধিক পরীক্ষা না নেওয়া এবং পূর্বে প্রশ্নফাঁসের অভিযোগ রয়েছে এমন প্রতিষ্ঠানকে প্রশ্ন প্রণয়নের দায়িত্ব না দেওয়ার দাবিও জানানো হয়।
নিয়োগপ্রত্যাশীরা আরও দাবি করেন, প্রশ্নফাঁসের অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট সকলকে সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে হবে এবং প্রশ্ন প্রণয়নকারী প্রতিষ্ঠানের প্রধানকে পদত্যাগ করতে হবে।
প্রাথমিক শিক্ষা অধিদফতর জানিয়েছে, তদন্ত শেষে বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।