খালেদা জিয়া অধিকাংশ সময় আন্দোলনে ছিলেন, দাবি আমীর খসরুর
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের বড় অংশ আন্দোলন ও সংগ্রামের মধ্য দিয়ে কেটেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, খালেদা জিয়া তার জীবনের মাত্র ২৫ শতাংশ সময় রাষ্ট্রক্ষমতায় ছিলেন, আর বাকি ৭৫ শতাংশ সময় তিনি আন্দোলন ও রাজনৈতিক সংগ্রামে সক্রিয় ছিলেন।
শনিবার বিকেলে নগরীর দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে সিডিএ বালুর মাঠে আয়োজিত এক দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করা হয়।
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, খালেদা জিয়া রাজনৈতিক জীবনে নির্যাতনের শিকার হয়েছেন এবং কারাবরণ করেছেন, তবে তিনি কখনো আপসের পথে যাননি। তার দাবি অনুযায়ী, বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপটে অনেকে ক্ষমতাসীনদের সঙ্গে সমঝোতা করলেও খালেদা জিয়া সে ধরনের কোনো সমঝোতায় যুক্ত হননি।
তিনি আরও বলেন, এক এগারোর সময়েও অনেক রাজনৈতিক নেতা আপসের পথ বেছে নিলেও খালেদা জিয়া তা করেননি। নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, তাকেও ব্যক্তিগতভাবে বিভিন্ন প্রলোভন দেওয়া হয়েছিল, কিন্তু দলীয় আদর্শ ও নেতৃত্বের কাছ থেকে পাওয়া শিক্ষা অনুযায়ী তিনি আপস করেননি।
অনুষ্ঠানে ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কামাল সরদারের সভাপতিত্বে এবং সদস্য সচিব মো. মোস্তফার সঞ্চালনায় আরও বক্তব্য দেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম সাইফুল আলম, মহানগর বিএনপির সদস্য অ্যাডভোকেট মফিজুল হক ভূঁইয়া, বিএনপি নেতা মো. সেকান্দর, হাজী হোসেন এবং ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনজুর মিয়াসহ অন্যান্য নেতারা।