ত্রয়োদশ সংসদের বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি পেলেন ডা. শফিকুর রহমান
ত্রয়োদশ জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি পেয়েছেন ঢাকা পনেরো আসনের সংসদ সদস্য ডা. শফিকুর রহমান। জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তাকে এই স্বীকৃতি প্রদান করেছেন।
রোববার ১৫ মার্চ সংসদ সচিবালয় সূত্রে জানা যায়, এ সংক্রান্ত গেজেট গত ১২ মার্চ জাতীয় সংসদ সচিবালয় থেকে প্রকাশ করা হয়েছে।
গেজেটে বলা হয়, জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধি এবং বিরোধীদলীয় নেতা ও উপনেতা পারিশ্রমিক ও সুযোগ সুবিধা আইন ২০২১ অনুযায়ী তাকে বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।
এ ছাড়া একই আইনের অধীনে কুমিল্লা এগারো আসনের সংসদ সদস্য সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহেরকে বিরোধী দলের উপনেতা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদে সরকারের বিরোধিতাকারী সংসদীয় দল বা জোটের সদস্য সংখ্যা সর্বাধিক হওয়ায় স্পিকার তাদের এই সাংবিধানিক স্বীকৃতি প্রদান করেন।