জৈন্তাপুরে চেকপোস্টে পৃথক অভিযানে চকলেট, মেহেদি ও ভারতীয় কম্বলসহ দুজন আটক
সিলেটের জৈন্তাপুর মডেল থানার সামনে সিলেট–তামাবিল মহাসড়কে পরিচালিত পৃথক দুইটি চেকপোস্ট অভিযানে চোরাচালান সন্দেহে বিভিন্ন পণ্য জব্দসহ দুজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ০৯ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে জৈন্তাপুর মডেল থানাধীন ১ নম্বর নিজপাট ইউনিয়নের মাস্তিংহাটি এলাকায় থানার সামনে মহাসড়কে চেকপোস্ট পরিচালনা করা হয়। এ সময় একটি পর্যটকবাহী বাস তল্লাশিকালে একজন ব্যক্তি কৌশলে পালিয়ে যান। অপর একজনকে আটক করা হয়। আটক ব্যক্তির নাম মো সিয়াম (১৯)। তিনি আবুল মনসুরের ছেলে এবং গাজীপুর জেলার শ্রীপুর থানার মুলাইদ এলাকার বাসিন্দা। তল্লাশিতে তার কাছ থেকে কিটক্যাট ৪ ফিঙ্গার চকলেট ৩৫০ পিস, কিটক্যাট ৩ ফিঙ্গার চকলেট ৪৫০ পিস, বেনজো চকলেট ৯০ প্যাকেট এবং কাবেরী মেহেদি ৯৫ বক্স উদ্ধার করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক মোট মূল্য এক লাখ সাতাশ হাজার সাতশ পঞ্চাশ টাকা।
অপরদিকে, ১০ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১২টা ২০ মিনিটে একই স্থানে পরিচালিত আরেকটি চেকপোস্ট অভিযানে একটি পর্যটকবাহী বাস তল্লাশি করে আল আমিন (৩৩) নামের একজনকে আটক করা হয়। তিনি মো কাজল মিয়ার ছেলে এবং নরসিংদী জেলার মনোহরদী থানার মনোহরদী এলাকার বাসিন্দা। এ সময় তার কাছ থেকে ৭২ পিস ভারতীয় কম্বল উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য এক লাখ ঊনষাট হাজার টাকা।
এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, সীমান্তবর্তী এলাকায় চোরাচালান প্রতিরোধে নিয়মিতভাবে চেকপোস্ট ও অভিযান জোরদার করা হয়েছে। উদ্ধারকৃত মালামাল ভারতীয় সীমান্ত এলাকা থেকে শুল্ক ও কর ফাঁকি দিয়ে দেশে আনা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং পলাতক ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
তিনি আরও জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং চোরাচালান দমন করতে পুলিশের এ ধরনের অভিযান আগামীতেও চলমান থাকবে।