আমিনবাজারে পাইপলাইন ক্ষতিগ্রস্ত, ঢাকায় তীব্র গ্যাস স্বল্পচাপ
ঢাকার আমিনবাজার এলাকায় তুরাগ নদীতে একটি মালবাহী ট্রলারের আঘাতে গ্যাস বিতরণ পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় রাজধানীর বিভিন্ন এলাকায় তীব্র গ্যাস স্বল্পচাপ দেখা দিয়েছে। শীতকালীন গ্যাস সংকটের মধ্যে নতুন এই সমস্যায় ঢাকা মহানগরীর বহু গ্রাহক ভোগান্তির মুখে পড়েছেন।
শুক্রবার ৯ জানুয়ারি তিতাস গ্যাস কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে জানায়, ক্ষতিগ্রস্ত বিতরণ পাইপলাইন মেরামতের কাজ সম্পন্ন করা হয়েছে। তবে মেরামতকালে পাইপলাইনে পানি প্রবেশ করা এবং একই সময়ে ঢাকা শহরে গ্যাস সরবরাহ কম থাকায় মহানগরীর বিভিন্ন এলাকায় মারাত্মক গ্যাস স্বল্পচাপ বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানানো হয়। সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের প্রতি দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
পাইপলাইন ক্ষতির প্রভাব সবচেয়ে বেশি পড়েছে গাবতলী থেকে আসাদগেট, মোহাম্মদপুর, বসিলা, লালমাটিয়া, ধানমন্ডি ও আশপাশের এলাকাগুলোতে। বুধবার থেকেই রাজধানীর বিভিন্ন স্থানে গ্যাসের চাপ কমতে শুরু করে। ছুটির দিনে গ্যাসের সংকট আরও প্রকট হওয়ায় সাধারণ মানুষের দুর্ভোগ বেড়েছে।
বাসিন্দারা জানান, অনেক এলাকায় সারাদিন চুলায় গ্যাস পাওয়া যাচ্ছে না বা চাপ অত্যন্ত কম থাকায় রান্না করা কঠিন হয়ে পড়েছে। বিকল্প হিসেবে কেউ বাইরে থেকে খাবার সংগ্রহ করছেন, আবার কেউ বিদ্যুৎচালিত চুলা ব্যবহার করতে বাধ্য হচ্ছেন।
তিতাস গ্যাস জানিয়েছে, গ্যাসের স্বল্পচাপ পরিস্থিতি নিরসনে তাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে এবং পরিস্থিতি উন্নত হলে ধীরে ধীরে সরবরাহ স্বাভাবিক হবে।