শিগগিরই চালু হচ্ছে ই হেলথ কার্ড, মিলবে আধুনিক চিকিৎসা সেবার সুবিধা
দেশের স্বাস্থ্যসেবাকে আধুনিক ও সহজলভ্য করতে ই হেলথ কার্ড চালুর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মাধ্যমে নাগরিকদের চিকিৎসা তথ্য ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষণ করে স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে আরও কার্যকর করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
বুধবার (৪ মার্চ) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে স্বাস্থ্য মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা ও স্বাস্থ্য বিশেষজ্ঞদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এ নির্দেশনা দেন।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রী দ্রুত ই হেলথ কার্ড চালুর কার্যক্রম শুরু করতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। তিনি বলেন, সরকারের লক্ষ্য হচ্ছে দেশের প্রতিটি নাগরিকের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং এ লক্ষ্য বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে আরও সক্রিয়ভাবে কাজ করার তাগিদ দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, বৈঠকে বিএনপির নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের বিষয়েও আলোচনা হয়েছে। প্রস্তাবিত নিয়োগের মধ্যে ৮০ শতাংশ নারী এবং ২০ শতাংশ পুরুষ থাকবে। পাশাপাশি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিভিন্ন শূন্য পদে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োগের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।
দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলের স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসকদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করার বিষয়েও প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন বলে জানান অতিরিক্ত প্রেস সচিব।
বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, প্রতিমন্ত্রী এম এ মুহিতসহ সরকারের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ই হেলথ কার্ড মূলত স্বাস্থ্য ব্যবস্থাকে ডিজিটাল কাঠামোর আওতায় আনার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। এ ব্যবস্থায় প্রতিটি রোগীর জন্য একটি নির্দিষ্ট ডিজিটাল স্বাস্থ্য কার্ড থাকবে, যেখানে তার চিকিৎসা সংক্রান্ত সব তথ্য সংরক্ষিত থাকবে। ফলে ভবিষ্যতে রোগী দেশের যেকোনো হাসপাতালে চিকিৎসা নিতে গেলে চিকিৎসক সহজেই তার পূর্বের চিকিৎসা ইতিহাস দেখতে পারবেন।
এই উদ্যোগের মাধ্যমে স্বাস্থ্যসেবা প্রান্তিক জনগণের কাছেও সহজে পৌঁছে দেওয়া সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। প্রাথমিকভাবে একটি জেলায় পরীক্ষামূলকভাবে এই ব্যবস্থা চালু করা হবে। সেখানে প্রাথমিক স্বাস্থ্যসেবা থেকে শুরু করে রেফারেল নেটওয়ার্ক এবং জেলা সদর হাসপাতাল ও মেডিকেল কলেজ হাসপাতাল পর্যন্ত পুরো স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে একটি সমন্বিত ডিজিটাল কাঠামোর আওতায় আনা হবে।
বিশেষজ্ঞদের মতে, প্রযুক্তিনির্ভর স্বাস্থ্যব্যবস্থা চালু হলে চিকিৎসা সেবার মান যেমন বাড়বে, তেমনি রোগীর তথ্য ব্যবস্থাপনাও হবে আরও সুশৃঙ্খল ও নিরাপদ। মানুষের স্বাস্থ্য অধিকার নিশ্চিত করতে এ ধরনের আধুনিক উদ্যোগ ভবিষ্যতের বাংলাদেশকে আরও সুস্থ, সচেতন ও মানবিক সমাজে রূপান্তরিত করার পথকে সুদৃঢ় করবে।