নীতিমালা চূড়ান্ত, ফ্যামিলি কার্ডের সুবিধা থেকে বাদ পড়বেন যেসব পরিবার
দেশের দরিদ্র ও নিম্নআয়ের মানুষের জন্য চালু হতে যাওয়া ফ্যামিলি কার্ড কর্মসূচির নীতিমালা চূড়ান্ত করেছে সরকার। নতুন এ কর্মসূচির আওতায় নির্দিষ্ট কিছু শ্রেণির পরিবার সুবিধা পাবে না বলে জানিয়েছে সমাজকল্যাণ মন্ত্রণালয়।
সচিবালয়ে মঙ্গলবার ৩ মার্চ বিকেলে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন সাংবাদিকদের জানান, সরকারের ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন আগামী ১০ মার্চ রাজধানীর কড়াইল বস্তিতে করা হবে। এর আগে বগুড়ায় উদ্বোধনের পরিকল্পনা থাকলেও বগুড়া সদর আসনের উপনির্বাচনের কারণে সেই সফর স্থগিত করা হয়েছে।
সমাজকল্যাণ মন্ত্রণালয় ইতোমধ্যে ফ্যামিলি কার্ড পাইলটিং বাস্তবায়ন গাইডলাইন ২০২৬ নামে নীতিমালা চূড়ান্ত করেছে। ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক এই দর্শনের ভিত্তিতে প্রণীত নীতিমালাটি শিগগিরই প্রজ্ঞাপন আকারে জারি করা হবে।
নীতিমালায় উল্লেখ করা হয়েছে, কিছু নির্দিষ্ট পরিবারের সদস্যরা এ কার্ডের সুবিধা পাবেন না। যেমন কোনো পরিবারের সদস্য যদি সরকারি পেনশনভোগী হন, পরিবারের কারও সরকারি চাকরি থাকে, বাড়িতে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র ব্যবহার করা হয় বা ব্যক্তিগত গাড়িসহ বিলাসবহুল সম্পদের মালিকানা থাকে, কিংবা বড় ব্যবসা বা বাণিজ্যিক লাইসেন্স থাকে তবে সেই পরিবার এই সুবিধার বাইরে থাকবে।
অন্যদিকে দরিদ্র ও অনগ্রসর জনগোষ্ঠীকে অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে। ভূমিহীন ও গৃহহীন পরিবার, প্রতিবন্ধী সদস্য থাকা পরিবার, হিজড়া, বেদে ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর পরিবার এবং শূন্য দশমিক পাঁচ একর বা তার কম জমির মালিক পরিবারকে এই কর্মসূচিতে অগ্রাধিকার দেওয়া হবে। সুবিধাভোগী নারী নির্বাচনের ক্ষেত্রে সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে।
কার্ডধারী পরিবার নির্বাচনের ক্ষেত্রে সরকারের খানা জরিপ এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সামাজিক নিরাপত্তা কর্মসূচির ডেটাবেইস ব্যবহার করা হবে। সেখান থেকে প্রকৃত সুবিধাভোগীদের শনাক্ত করে জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে তালিকাভুক্ত করা হবে।
সরকারি কোষাগার থেকে সহায়তার অর্থ সরাসরি সুবিধাভোগী নারীর মোবাইল ওয়ালেট বা ব্যাংক হিসাবে জমা দেওয়া হবে। পাশাপাশি বিদ্যমান টিসিবি কার্ডকে ফ্যামিলি কার্ডের ডাইনামিক সোশ্যাল রেজিস্ট্রি হিসেবে অন্তর্ভুক্ত করা হবে। একই স্মার্ট কার্ড ব্যবহার করে ওটিপি যাচাইয়ের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে খাদ্য সহায়তা ছাড়াও ভবিষ্যতে শিক্ষা উপবৃত্তি ও কৃষি ভর্তুকির মতো সেবাও পাওয়া যাবে।
নীতিমালায় সামাজিক নিরাপত্তা খাতে ব্যয় বাড়ানোর লক্ষ্যও নির্ধারণ করা হয়েছে। ২০২৮ সালের মধ্যে দেশের সামাজিক নিরাপত্তা বাজেট জিডিপির তিন শতাংশে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।
সমাজকল্যাণ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, পাইলট প্রকল্পের জন্য দেশের ১৩টি ভিন্ন বৈশিষ্ট্যের এলাকা নির্বাচন করা হয়েছে। এর মধ্যে ঢাকার বনানী কড়াইল বস্তি শহরের বস্তি এলাকা হিসেবে, চট্টগ্রামের পটিয়া শিল্প এলাকা হিসেবে, বান্দরবানের লামা পার্বত্য অঞ্চল হিসেবে, সুনামগঞ্জের দিরাই হাওর এলাকা হিসেবে এবং ঠাকুরগাঁও সদর সীমান্তবর্তী এলাকা হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে। এসব এলাকা নির্বাচন করা হয়েছে দারিদ্র্যের ঘনত্ব, ভৌগোলিক চ্যালেঞ্জ ও অনগ্রসরতার বিষয় বিবেচনায় রেখে।
এই পাইলট প্রকল্প বাস্তবায়নে মোট দুই কোটি ১১ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে প্রায় ৭৭ শতাংশ অর্থ সরাসরি দরিদ্র পরিবারের হাতে পৌঁছাবে।
প্রাথমিকভাবে দেশের ১৪টি উপজেলায় প্রতিটি ইউনিয়নের একটি করে ওয়ার্ডের হতদরিদ্র, দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারকে এ কার্ড দেওয়া হবে। প্রথম ধাপে প্রায় সাড়ে ছয় হাজার পরিবারকে অন্তর্ভুক্ত করা হবে এবং প্রত্যেক পরিবারকে মাসিক আড়াই হাজার টাকা করে সহায়তা দেওয়া হবে। পরবর্তী পর্যায়ে দেশের প্রায় দুই কোটি দরিদ্র পরিবারকে এই কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা রয়েছে।
নীতিমালায় আরও উল্লেখ করা হয়েছে, বর্তমানে দেশে ৯৫টিরও বেশি সামাজিক নিরাপত্তা কর্মসূচি চালু রয়েছে। তবে সমন্বয়হীনতার কারণে অনেক সময় একই ব্যক্তি একাধিক সুবিধা পাচ্ছেন, আবার প্রকৃত দরিদ্রদের একটি বড় অংশ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। নতুন ফ্যামিলি কার্ড কর্মসূচির মাধ্যমে এই সমস্যা দূর করে একটি সমন্বিত ও মানবিক কল্যাণ রাষ্ট্র গঠনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনা অনুযায়ী ২০৩০ সালের মধ্যে এই ফ্যামিলি কার্ডকে প্রতিটি নাগরিকের জন্য সর্বজনীন সামাজিক পরিচয় কার্ডে রূপান্তর করার ভাবনাও রয়েছে। একটি কার্ডের মাধ্যমে খাদ্য সহায়তা, নগদ ভাতা, শিক্ষা সহায়তা এবং কৃষি ভর্তুকিসহ বিভিন্ন সামাজিক সুরক্ষা সুবিধা পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়েই এই উদ্যোগ।
মানুষের মৌলিক অধিকার ও মর্যাদা রক্ষায় সামাজিক নিরাপত্তা কর্মসূচির কার্যকারিতা বাড়ানো সময়ের দাবি। সরকারের নতুন এই উদ্যোগ সফলভাবে বাস্তবায়িত হলে দরিদ্র মানুষের জীবনে স্বস্তির নতুন আলো জ্বলে উঠবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।