আগামী পাঁচ দিন তাপমাত্রা বাড়তে পারে, আবহাওয়া থাকবে শুষ্ক
সারা দেশের তাপমাত্রা ও আবহাওয়া পরিস্থিতি নিয়ে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, আগামী পাঁচ দিন তাপমাত্রা কিছুটা বাড়তে পারে, তবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা জানান, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। অন্যদিকে উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।
পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে পরবর্তী পাঁচ দিনে সারা দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। তবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। এ সময়ে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
শুক্রবার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়ও আংশিক মেঘলা আকাশসহ শুষ্ক আবহাওয়া বজায় থাকতে পারে। এ সময় রাতের তাপমাত্রা সামান্য কমলেও দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।
শনিবারের পূর্বাভাসে বলা হয়েছে, আবহাওয়া শুষ্ক থাকতে পারে। রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
রোববার দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে। আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।
সোমবার দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, তবে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বর্ধিত পাঁচ দিনে তাপমাত্রা আরও বাড়তে পারে। ফলে ধীরে ধীরে উষ্ণতা বৃদ্ধি পেতে পারে বলে ধারণা করা হচ্ছে।