অবৈধ সম্পদের মামলায় সম্রাটের ২০ বছরের কারাদণ্ড
অবৈধ সম্পদ অর্জন ও মানিলন্ডারিংয়ের মামলায় যুবলীগ নেতা ইসমাইল চৌধুরী সম্রাটকে পৃথক দুই ধারায় মোট ২০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার ঢাকার বিশেষ জজ আদালত ৬ এর বিচারক মো. জাকারিয়া হোসেন এ রায় ঘোষণা করেন। সংশ্লিষ্ট আদালতের উচ্চমান বেঞ্চ সহকারী ফকির জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালত অবৈধ সম্পদ অর্জনের দায়ে সম্রাটকে ১০ বছরের কারাদণ্ড ও ১০ লাখ টাকা অর্থদণ্ড দেন। অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড ভোগ করতে হবে। একই সঙ্গে মানিলন্ডারিংয়ের দায়ে আরও ১০ বছরের কারাদণ্ড ও ১০ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। এ অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। তার অর্জিত অবৈধ সম্পদ রাষ্ট্রীয় অনুকূলে বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।
আদালত জানিয়েছেন, দুই ধারার সাজা একটির পর একটি কার্যকর হবে। ফলে সম্রাটকে মোট ২০ বছর কারাভোগ করতে হবে। তিনি পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
২ কোটি ৯৪ লাখ ৮০ হাজার ৮৭ টাকার অবৈধ সম্পদ অর্জন ও মানিলন্ডারিংয়ের অভিযোগে ২০১৯ সালের ১২ নভেম্বর দুদকের উপপরিচালক জাহাঙ্গীর আলম মামলা করেন। পরে ২০২০ সালের ২৬ নভেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।
২০১৯ সালের ১৮ সেপ্টেম্বর মতিঝিলের ক্লাবপাড়ায় র্যাবের অভিযানে অবৈধ ক্যাসিনো কার্যক্রমের বিষয়টি প্রকাশ্যে এলে সম্রাট আত্মগোপনে যান। ৭ অক্টোবর কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার কার্যালয়ে অভিযান চালিয়ে অস্ত্র, মাদক, বিদেশি মদ ও অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয় বলে জানায় র্যাব।
বন্যপ্রাণী আইনে তাৎক্ষণিকভাবে তাকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া অস্ত্র ও মাদক আইনে পৃথক মামলা করা হয়। পরবর্তীতে বিভিন্ন মামলায় জামিন পেয়ে প্রায় ৩১ মাস পর তিনি কারামুক্ত হন।
রাজনৈতিক পটপরিবর্তনের পর গত বছরের ১৭ জুলাই অবৈধ সম্পদের মামলায় অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত এবং তার জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। মামলায় ২১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে রায়ের দিন ধার্য করা হয়।
পলাতক থাকায় সম্রাট আত্মপক্ষ সমর্থনের সুযোগ নেননি এবং আদালতে যুক্তিতর্কও উপস্থাপন করতে পারেননি।