প্রবাসীদের মরদেহ বিনা খরচে দেশে আনার উদ্যোগ নেওয়া হবে: প্রতিমন্ত্রী
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেছেন, প্রবাসীদের মরদেহ বিনা খরচে দেশে আনার উদ্যোগ নেওয়া হবে।
মঙ্গলবার ২৪ ফেব্রুয়ারি প্রবাসী কল্যাণ ভবন প্রাঙ্গণে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের দুটি ফ্রিজিং অ্যাম্বুলেন্স উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বিমানবন্দর থেকে প্রবাসীদের মরদেহ নিজ নিজ বাড়িতে বিনামূল্যে পৌঁছে দেওয়ার লক্ষ্যে এ অ্যাম্বুলেন্স দুটি যুক্ত করা হয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, এরইমধ্যে তিনটি গাড়ি চালু রয়েছে। আজ আরও দুটি ফ্রিজিং অ্যাম্বুলেন্স যুক্ত হয়েছে। এর ফলে প্রবাসীদের মরদেহ দ্রুততম সময়ে স্বজনদের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে।
তিনি জানান, প্রবাসীদের মরদেহ বিনা খরচে দেশে আনার বিষয়টি নিয়ে মন্ত্রণালয় উদ্যোগ নিচ্ছে। এ সংক্রান্ত প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
নুরুল হক নুর বলেন, প্রবাসীর মরদেহ দেশে পৌঁছানোর পর তাৎক্ষণিকভাবে ৩০ থেকে ৩৫ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়। এছাড়া জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিএমইটি’র মাধ্যমে নিবন্ধিত হয়ে বিদেশে কর্মসংস্থানে গেলে মৃত্যুর ক্ষেত্রে সর্বোচ্চ ১৩ লাখ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হয়।
প্রবাসীদের কল্যাণে সরকার বিভিন্ন সহায়তামূলক কার্যক্রম বাস্তবায়ন করছে বলেও উল্লেখ করেন প্রতিমন্ত্রী।