পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চীন, ভারত ও পাকিস্তানের রাষ্ট্রদূতদের সৌজন্য সাক্ষাৎ
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে চীন, ভারত ও পাকিস্তানের রাষ্ট্রদূতরা পৃথকভাবে সৌজন্য সাক্ষাৎ করেছেন। নবগঠিত সরকারের অধীনে বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় ব্যক্ত করেছেন তারা।
রোববার ২২ ফেব্রুয়ারি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকগুলোতে রাষ্ট্রদূতরা প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানান এবং সাম্প্রতিক নির্বাচনকে দেশের ইতিহাসে অন্যতম অবাধ ও সুষ্ঠু নির্বাচন হিসেবে উল্লেখ করেন। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য ড. খলিলুর রহমানকেও শুভেচ্ছা জানান তারা।
চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন প্রধানমন্ত্রী ঘোষিত সবার আগে বাংলাদেশ নীতির প্রতি বেইজিংয়ের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেন। তিনি জানান, দ্বিপক্ষীয় সহযোগিতা আরও গভীর করতে চীনের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী।
ড. খলিলুর রহমান বাংলাদেশ ও চীনের সর্বাত্মক কৌশলগত সহযোগিতা অংশীদারিত্ব এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে রোহিঙ্গাদের দ্রুত ও টেকসই প্রত্যাবাসন প্রক্রিয়া সহজ করতে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে চীনের সক্রিয় সম্পৃক্ততা বাড়ানোর আহ্বান জানান। বৈঠকে চীনের পররাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে সুবিধাজনক সময়ে চীন সফরের আমন্ত্রণ জানানো হয়।
ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা জানান, দ্বিপক্ষীয় সহযোগিতা আরও সম্প্রসারণে ভারতের সরকার বাংলাদেশের নতুন প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে প্রস্তুত। জবাবে পররাষ্ট্রমন্ত্রী পারস্পরিক স্বার্থ ও জনগণের কল্যাণের ভিত্তিতে ভবিষ্যতমুখী এবং ভারসাম্যপূর্ণ অংশীদারিত্ব গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। উভয় পক্ষ নিয়মিত ও গঠনমূলক যোগাযোগ অব্যাহত রাখার বিষয়ে সম্মত হন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্করের পক্ষ থেকে ড. খলিলুর রহমানকে নয়াদিল্লি সফরের আমন্ত্রণ জানানো হয়।
পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারও দুই দেশের মধ্যে সহযোগিতা সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেন। পররাষ্ট্রমন্ত্রী দক্ষিণ এশিয়ার জনগণের কল্যাণে আঞ্চলিক সহযোগিতা জোরদারের গুরুত্ব তুলে ধরে পাকিস্তানের সঙ্গে নতুন সহযোগিতার ক্ষেত্র অনুসন্ধানের ইচ্ছা প্রকাশ করেন।
এদিন তিন রাষ্ট্রদূত পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গেও পৃথকভাবে সাক্ষাৎ করেন।
বিশ্লেষকদের মতে, দক্ষিণ এশিয়া ও বৃহত্তর অঞ্চলে কৌশলগত ভারসাম্য রক্ষা এবং পারস্পরিক আস্থা বৃদ্ধি করতে নিয়মিত কূটনৈতিক সংলাপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গঠনমূলক সম্পৃক্ততা ও সহযোগিতার ধারাবাহিকতাই আঞ্চলিক স্থিতিশীলতা ও উন্নয়নের পথকে সুদৃঢ় করতে পারে।