জাপানে দক্ষ জনশক্তি পাঠাতে প্রস্তুতি জোরদার, সাত দিনের মধ্যে কর্মপরিকল্পনা প্রধানমন্ত্রীর কাছে
সুয়েব রানা:সিলেট
জাপানের শ্রমবাজারে দক্ষ ও আধাদক্ষ কর্মী পাঠানোর লক্ষ্যে প্রস্তুতি জোরদার করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। সংশ্লিষ্ট কার্যক্রম সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা আগামী সাত দিনের মধ্যে প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপনের সিদ্ধান্ত হয়েছে।
রোববার ২২ ফেব্রুয়ারি মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যাহ ভূঁইয়ার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি এবং প্রতিমন্ত্রী মো. নুরুল হক এমপি। এর আগের দিন প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকের ধারাবাহিকতায় এ সভা আয়োজন করা হয়, যেখানে কর্মমুখী শিক্ষা, কর্মসংস্থান সৃষ্টি এবং আন্তর্জাতিক শ্রমবাজারে অংশগ্রহণ বাড়ানোর বিষয় গুরুত্ব পায়।
সভায় জানানো হয়, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের ২০টি কর্মসূচি সরাসরি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সঙ্গে সংশ্লিষ্ট। এসব কর্মসূচি বাস্তবায়নে প্রাথমিক প্রস্তুতি হিসেবে জাপানে জনশক্তি প্রেরণের সম্ভাবনা ও কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
উল্লেখ করা হয়, জাপানে ২০৪০ সালের মধ্যে প্রায় এক কোটি ১০ লাখ তরুণ কর্মীর প্রয়োজন হতে পারে। অন্যদিকে বাংলাদেশে প্রায় ২৩ লাখ অতিরিক্ত যুব শ্রমশক্তি রয়েছে। এ জনশক্তিকে প্রশিক্ষণ ও ভাষাশিক্ষার মাধ্যমে দক্ষ কর্মীতে রূপান্তর করে জাপানসহ অন্যান্য দেশে পাঠানোর উপায় নিয়ে সভায় মতবিনিময় হয়।
বর্তমানে দেশে ৩৩টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে নির্দিষ্ট ট্রেডভিত্তিক প্রশিক্ষণ চালু রয়েছে। জাপানের চাহিদা বিবেচনায় আরও ২০টি কেন্দ্র যুক্ত করে মোট ৫৩টি টিটিসিতে জাপানি ভাষা শিক্ষা ও দক্ষতা উন্নয়ন কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। ভাষা শিক্ষকের ঘাটতি দূর করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়েও আলোচনা হয়।
এছাড়া দেশের প্রায় ২০০ বেসরকারি প্রশিক্ষণ কেন্দ্র এবং বৈধ রিক্রুটিং এজেন্সিগুলোর সহযোগিতা কীভাবে বাড়ানো যায়, সে বিষয়েও মতামত নেওয়া হয়। লক্ষ্য হচ্ছে অন্যান্য দেশের আগেই জাপানের শ্রমবাজারে প্রতিযোগিতামূলক অবস্থান তৈরি করা।
সভায় সিদ্ধান্ত হয়, প্রস্তাবিত কর্মপরিকল্পনা দ্রুত চূড়ান্ত করে প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হবে। অগ্রগতি পর্যালোচনায় দুই কর্মদিবস পর পুনরায় বৈঠক হবে। পাশাপাশি শিক্ষক, প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থী ও সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে শিগগিরই একটি মতবিনিময় সভা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মন্ত্রী আরিফুল হক চৌধুরী ও প্রতিমন্ত্রী মো. নুরুল হক সংশ্লিষ্ট কর্মকর্তাদের আন্তরিকতা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। সভায় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও অধীন দপ্তর সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বিশ্লেষকদের মতে, পরিকল্পিত প্রশিক্ষণ ও ভাষাগত দক্ষতা উন্নয়নের মাধ্যমে শ্রমবাজারে অবস্থান শক্তিশালী করা গেলে প্রবাস আয়ে ইতিবাচক প্রভাব পড়বে। দক্ষ মানবসম্পদই পারে দেশের অর্থনীতিকে আরও টেকসই ভিত্তির ওপর দাঁড় করাতে।